

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আমির হামজা বলেন, নিম্নস্তরের একটি সিগারেটের সরকারি মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও খুচরা পয়সার সংকটের কারণে বাজারে তা ৭ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিগারেটে অতিরিক্ত ৮০ পয়সা আদায় হলেও সেই অর্থ সরকারি রাজস্বে যুক্ত হচ্ছে না। তাঁর হিসাবে, এ কারণে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। সংসদ সদস্যের মতে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়ন করা হলে ঋণের চাপও তুলনামূলক কমানো সম্ভব হতো।
তবে রাজস্ব হারানোর বিষয়ে এর আগেও একই ধরনের তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। গত ২২ জুন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘তামাক খাতের কর ও নীতি সংস্কার’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের সরকারি মূল্য এবং বাস্তব বাজারমূল্যের মধ্যে অসামঞ্জস্য থাকায় সরকার প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকার রাজস্ব হারাতে পারে।
পিপিআরসির গবেষণা অনুযায়ী, নিম্নস্তরের ১০ শলাকার একটি সিগারেট প্যাকেটের সরকারি মূল্য ৬২ টাকা, অর্থাৎ প্রতি শলাকার দাম ৬ টাকা ২০ পয়সা। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় একই সিগারেট ৭ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যম স্তরের সিগারেটের ক্ষেত্রেও একই ধরনের মূল্য ব্যবধান রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩–২৪ অর্থবছরে দেশে প্রায় ৬৮ দশমিক ৮৯ বিলিয়ন নিম্নস্তরের সিগারেট বিক্রি হয়েছে। প্রতি শলাকায় ৮০ পয়সা অতিরিক্ত আদায়ের হিসাব করলে সম্ভাব্য রাজস্বের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৫১২ কোটি টাকা।
গবেষণা প্রতিষ্ঠানটির মতে, কর ও মূল্য কাঠামো বাজারের প্রকৃত দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এই সম্ভাব্য রাজস্ব সরকারের কোষাগারে যুক্ত হচ্ছে না। তাই মূল্য ও কর কাঠামো বাস্তব বাজারদরের সঙ্গে সমন্বয় করার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
