

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার তেজগাঁও কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের। ২০২৬ সালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ জানান, ওয়ার্ল্ড ব্যাংকের একটি তথ্যমতে, বাংলাদেশের একজন গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের।
এই বাস্তবতাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে তিনি বলেন, শুধু পরীক্ষায় পাস করানো নয়, প্রকৃত শিক্ষা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবকে শিক্ষার মান পতনের পেছনে দায়ী করেন ববি হাজ্জাজ। এর ফলে প্রতিবছর বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দেশের বাজারে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও বাজার চাহিদার সঙ্গে মিল না রেখে এমন সব বিষয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে চাকরির সুযোগ তুলনামূলক অনেক কম।
ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়ে দেন, অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা আর নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করতে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, নৈতিক ও বাস্তব কর্মজীবনের উপযোগী আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
তিনি আরও জানান, সময়োপযোগী, ক্যারিয়ারমুখী ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষাকার্যক্রম সম্প্রসারণে জোর দেওয়া হবে
এবং একটি উন্নত রাষ্ট্র গঠনে শুধু মেধা নয়, সততা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
