শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ’ শুনেই থামলেন মার্টিনেজ, যা বললেন তাতে আবেগে ভাসবেন ভক্তরা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: সংগৃহীত
expand
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও ‘বাংলাদেশ’ শব্দটি যেন আলাদা করে নাড়া দেয় এমিলিয়ানো মার্টিনেজকে। হঠাৎ করেই বাংলাদেশের নাম শুনে থমকে দাঁড়ালেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তেই ধরা পড়ল দুই দেশের ফুটবল-ভালোবাসার গভীর বন্ধন।

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ডালাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে খেলোয়াড়েরা যখন মাঠ ছাড়ছিলেন, তখন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন মার্টিনেজ। ঠিক সেই সময় পেছন থেকে বাংলাদেশের এক প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দেন। সঙ্গে সঙ্গেই ফিরে তাকান তিনি।

বাংলাদেশের নাম শুনে মুখে হাসি ফুটে ওঠে মার্টিনেজের। বিস্ময় আর আনন্দ মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, “ওহ, বাংলাদেশ! আমি বাংলাদেশকে পছন্দ করি।”

এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে আরও আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি। মার্টিনেজ বলেন, “আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।”

বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্কের মূল জায়গা ফুটবল। বিশেষ করে ২০২২ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের কোটি সমর্থকের উচ্ছ্বাস ও সমর্থন আর্জেন্টিনায় আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পতাকা মিছিল, উদ্‌যাপন আর উন্মাদনা দেখে মুগ্ধ হন আর্জেন্টাইনরা। সেই সময় থেকেই দুই দেশের মানুষের মধ্যে তৈরি হয় এক আবেগঘন সংযোগ।

বাংলাদেশি সমর্থকদের নিয়ে মার্টিনেজ বলেন, “আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।”

এমনকি বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিলও খুঁজে পান তিনি। তার ভাষায়, “তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই—এটাই আমার সবচেয়ে ভালো লাগে।”

বিদায় নেওয়ার আগে আবারও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন এই গোলরক্ষক। হাসিমুখে বলেন, “বাংলাদেশের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।”

মার্টিনেজের এই সংক্ষিপ্ত অথচ হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া আবারও মনে করিয়ে দিল—আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন শুধু খেলার নয়, এটি এক দীর্ঘদিনের আবেগের গল্প।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank