শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:৩৭ এএম
ফাইল ছবি
expand

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শহরের ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য বিশেষায়িত ইউনিট সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে থাকবেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের (আইএডি) সদস্যরা।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত পুলিশ রিজার্ভ থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থাকবেন।

এদিকে জুন মাসের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি মামলায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে থানা, ডিবি ও সিটিটিসির অভিযানে ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চারজন তালিকাভুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank