সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:২১ এএম
সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা
expand
সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা

সীমান্তের ওপারে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে।

এই বন্যা পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে বলে জানা গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকালে খেয়াঘাট থেকে কোনও নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন। তবে রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জের উপজেলা ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকায় পানির স্রোত ও গভীরতা বিপজ্জনক স্তরে পৌঁছেছে।

পর্যটকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পর্যটনকেন্দ্রে সব ধরনের প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup