শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:০৩ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ।। ছবি সংগৃহীত
expand
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ।। ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান মানবিক সংকট আরও গভীর হচ্ছে—এমন প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কেও অংশ নেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিকে, নিউইয়র্কে অবস্থানকালে বৃহস্পতিবার (১৮ জুন) প্রতিমন্ত্রী ইকোসকের হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন। একই দিন জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন