

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
প্রস্তাব অনুযায়ী, পরিবারের প্রধান নারী প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাতা পাবেন। অর্থমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এটি সরকারের অন্যতম ‘সিগনেচার প্রোগ্রাম’। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাজেট বক্তব্যে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এর আওতায় আনা হবে।
এ ছাড়া সামাজিক সুরক্ষা খাতে আরও কিছু সুবিধা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার উপকারভোগীকে মাসে ৮৫০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
