বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দিয়েছে সরকার। এর আওতায় অবসরের সময় সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার অংশ হিসেবে সর্বজনীন পেনশন কর্মসূচিতে এই নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে। এর ফলে বেসরকারি খাতের কর্মীরা অবসরের পর মাসিক পেনশনের পাশাপাশি এককালীন উল্লেখযোগ্য অর্থ পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ভাতা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখার প্রস্তাবও রাখা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় বেশি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

সরকারের মতে, পেনশন কাঠামোতে এই পরিবর্তন বাস্তবায়িত হলে অবসরকালীন জীবনে বেসরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতি আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন