বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:১৯ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:১০ পিএম
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।। ফাইল ছবি
expand
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।। ফাইল ছবি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১০জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনস্বার্থে সেসব নির্দেশনাসমূহ সংসদে জানতে চান কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো- প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক দমনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারি সেবা প্রদান হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন