শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:০২ পিএম আপডেট : ০৫ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ছবি: সংগৃহীত
expand
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের রাজনীতিকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে এই সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আগে রাজনীতিতে কিছুটা হলেও এথিক্স ও মূল্যবোধ ছিল। সোশ্যাল মিডিয়ার কারণে এখনকার রাজনীতি পুরোপুরিভাবে এক ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করা হয়। সমাজ, রাজনীতি ও ভবিষ্যৎ বংশধরদের কাছে রাজনীতিবিদদের সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে।

এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। যারা এগুলো করছেন, তারা সচেতনভাবে করছেন। এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট।’

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজনীতিকে অস্থির ও দুর্বল করার চেষ্টা চলছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটি সুযোগ তৈরি হলেও সেটিকে ব্যাহত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, বিভিন্ন মহল সচেতনভাবে এমন পরিস্থিতি তৈরি করছে, যার ফলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। যে শক্তি মানুষের অধিকারকে স্বাভাবিক নিয়মে, গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সব গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত।’

বিএনপি বিপ্লবী কোনো দল নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন। প্রত্যেক মানুষের সেই অধিকার আছে। কিন্তু বিএনপির মূল যে চরিত্র, সেই চরিত্রটা ঠিক একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন, তাহলে ভুল করবেন। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি তার লক্ষ্যে পৌঁছাতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায়। সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন