

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘সিরিজ’ নামে নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার উদ্যোগ নিয়েছে মেটা। এই ফিচারের সাহায্যে কনটেন্ট নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক কনটেন্টের একাধিক রিলস একত্রে একটি সিরিজ হিসেবে প্রকাশ করতে পারবেন। ফলে দর্শকদের আলাদা আলাদা পর্ব খুঁজতে নির্মাতার প্রোফাইলে বারবার যেতে হবে না।
বর্তমানে সীমিত সংখ্যক নির্মাতার মাধ্যমে ফিচারটির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এটি সবার জন্য উন্মুক্ত হলে ধারাবাহিক ভিডিও নির্মাতাদের কনটেন্ট আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সুবিধাটির মাধ্যমে আগে প্রকাশিত রিলসের পাশাপাশি নতুন রিলসও একই সিরিজের অন্তর্ভুক্ত করা যাবে। এর ফলে দর্শকরা কোনো নির্দিষ্ট বিষয় বা গল্পের সব পর্ব ধারাবাহিকভাবে উপভোগ করতে পারবেন।
মেটার পরিকল্পনা অনুযায়ী, নির্মাতাদের প্রোফাইলে সিরিজের জন্য আলাদা একটি বিভাগ থাকবে, যেখানে সব পর্ব সাজানো অবস্থায় পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে আগের দেখা অবস্থান থেকে পুনরায় ভিডিও দেখা শুরু করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মেটার কনটেন্ট ব্যবস্থাপনায় নতুন দিক নির্দেশ করে। এত দিন রিলসের অভিজ্ঞতা মূলত স্বল্প সময়ের ভিডিও দ্রুত স্ক্রল করে দেখার ওপর নির্ভরশীল ছিল। তবে সিরিজ ফিচার চালু হলে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কনটেন্টের সঙ্গে যুক্ত রাখা সহজ হবে। পাশাপাশি নতুন পর্বের অপেক্ষা ও আগ্রহ তৈরি হওয়ার কারণে দর্শকরা নিয়মিত প্ল্যাটফর্মে ফিরে আসতে উৎসাহিত হতে পারেন।
মেটা আরও জানিয়েছে, ভবিষ্যতে এই ফিচারের সঙ্গে আয়ের সুযোগ যুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ধারাবাহিকভাবে কনটেন্ট উপস্থাপনের ধারণা মেটার জন্য একেবারে নতুন নয়। এর আগে ২০২০ সালে ইনস্টাগ্রামে ‘গাইডস’ নামে একটি সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি।
