শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মতলব থেকেই যুবদলের কমিটিতে ৪ নেতা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:০৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে জায়গা পাওয়া মতলবের চার নেতা জিয়াউর রহমান জিয়া, আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজু।
expand
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে জায়গা পাওয়া মতলবের চার নেতা জিয়াউর রহমান জিয়া, আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজু।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চাঁদপুরের মতলবের চার নেতার গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় পুরো মতলবজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন শাওন সহ-সাংগঠনিক সম্পাদক এবং মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই চার নেতা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

এ বিষয়ে মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব বলেন, মতলবের চার কৃতি নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। কেন্দ্রীয় নেতৃত্বে তাঁদের অন্তর্ভুক্তি মতলবের রাজনৈতিক কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু বলেন, এটি শুধু চার নেতার ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র মতলববাসীর অর্জন। জিয়াউর রহমান জিয়া, আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজু ভাইয়েরা দীর্ঘদিন রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁদের মূল্যায়ন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে মতলবের চার নেতার একসঙ্গে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তি এ অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে মতলবের অবস্থানও আরও সুদৃঢ় হবে।

এদিকে নবনির্বাচিত চার নেতাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, নবনির্বাচিত এই চার নেতা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন