

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ইতোমধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
জানা গেছে, জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান উদ্বোধনের পাশাপাশি তিনি স্থানীয় একটি খাল খনন কর্মসূচির সূচনা করবেন এবং ময়মনসিংহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।
এদিন সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
বেলা ১২টায় তিনি ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি স্থানীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টায় তাঁর ত্রিশাল ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।
ডাকবাংলোয় মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন তিনি
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে বেশ কয়েক বছর পর এবার জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিন দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেলা প্রাঙ্গণের নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
