শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসে ১৯টি জাহাজে আসছে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি তেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের আগমন বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মাসের মাঝামাঝি পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ বন্দরে এসেছে। পাশাপাশি মাস শেষ হওয়ার আগে আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে। এসব জাহাজের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্বালানি দেশে পৌঁছাচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন এসব তথ্য জানান।

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি মাসে মোট ১৯টি জাহাজের মাধ্যমে দেশে আসছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এর মধ্যে রয়েছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল।

তিনি আরও জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে ১৬টি জ্বালানি তেলবাহী জাহাজের আগমন নিশ্চিত করা হয়েছে। সরকারের নিয়মিত আমদানি কার্যক্রমের অংশ হিসেবে এসব জাহাজের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণ করা হচ্ছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে জাহাজটি ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। কর্তৃপক্ষ বলছে, ধারাবাহিক এই আমদানি কার্যক্রমের ফলে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন