রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ববি হাজ্জাজ

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি আরও বলেন, প্রাথমিকের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যেটির সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
45'
Germany
2 - 1
Curaçao
6' Felix Nmecha
38' Nico Schlotterbeck
21' Livano Comenencia
World Cup