শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দিনের আলোয় আকাশে নতুন চাঁদের আবির্ভাব—বিরল এই দৃশ্য ধারণের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের গণনা। একই সঙ্গে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পর্যবেক্ষণের ভিত্তিতে নির্ধারিত হয়েছে চলতি বছরের পবিত্র ঈদুল আজহা ও জিলহজ মাসের সম্ভাব্য সময়সূচি।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় এই নতুন চাঁদের ছবি ধারণ করা হয়। বিশ্লেষণে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি বিশেষ গবেষক দল এই বিরল মুহূর্তটি ধারণ করেন। তাকে সহযোগিতা করেন খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কোরবানি ঈদের দিনক্ষণ নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে। সে হিসেবে আরাফাত দিবস হতে পারে ২৬ মে (মঙ্গলবার)।

সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যে চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার এই ছুটি টানা ৯ দিন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা দীর্ঘ ছুটির প্রত্যাশায় রয়েছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

উল্লেখ্য, ভৌগোলিক কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন