

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মেধা স্বীকৃতি, সম্মাননা এবং উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২০২৬ সালে আয়োজন করতে যাচ্ছে কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম, যেখানে ৩টি উমরা সহ মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।
সোমবার (৩০ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
প্রতি বছর দেশের কওমী মাদরাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে আত্মনিয়োগ করেন। কিন্তু তাদের মেধার যথাযথ মূল্যায়ন, স্বীকৃতি এবং গবেষণামুখী দিকনির্দেশনার উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখা যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সংবর্ধনা কার্যক্রমে অংশ নিতে পারবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ১৪৪৭ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ ফলাফল অর্জনকারী ৫০০ জন আলেম-আলেমা। আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজনকে প্রদান করা হবে উমরার সুযোগ। এছাড়া তারা পাবেন ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব।
চতুর্থ স্থান অধিকারী পাবেন ১ লক্ষ টাকা সমমূল্যের কিতাব এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব। এভাবে মোট ৫০০ জন শিক্ষার্থীকে মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে, যা সম্পূর্ণভাবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এর পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং স্বাস্থ্যসেবায় সুবিধা পেতে ইবনে সিনা ট্রাস্ট ও আদ-দ্বীন হাসপাতাল এর বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড।
নারী শিক্ষার্থীরাও এ সংবর্ধনায় আবেদন করতে পারবেন। তবে তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তাদের নির্ধারিত পুরুষ অভিভাবক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল, শুক্রবার সকাল ৯টায়, রাজধানীর আস-সুন্নাহ অডিটোরিয়ামে। এতে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ আলেমগণ, যারা তরুণ আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসীহা ও দিকনির্দেশনা প্রদান করবেন।
আগ্রহীদের অংশগ্রহণের জন্য নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন না করলে সংবর্ধনার জন্য বিবেচিত হওয়া যাবে না। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, ২০২৬। উদ্যোক্তারা আশা করছেন, এই উদ্যোগ কওমী শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দ্বীনি গবেষণা ও জাতির কল্যাণে তাদের অবদান আরও বেগবান করবে।
মন্তব্য করুন
