

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সংস্কার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এই আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং ডিজিটাল প্রতারণা (স্ক্যাম) বন্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা দেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চাই। বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক দলগুলোর ওপর অতিমাত্রায় বলপ্রয়োগে পুলিশকে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এখন সব দলের গণতান্ত্রিক অধিকার থাকলেও তা জনদুর্ভোগ সৃষ্টি না করে সতর্কতার সাথে চর্চা করতে হবে।
রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ বিতর্ক ও আলোচনা গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল ভিত্তি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিশ্বের মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই এখন ডিজিটাল মাধ্যমে হচ্ছে। এটি একটি বৈশ্বিক সংকট যা আন্তঃদেশীয় সহযোগিতা ছাড়া নির্মূল করা সম্ভব নয়। এছাড়া মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আমরা সুইজারল্যান্ডের জোরালো সহযোগিতা প্রত্যাশা করছি।
সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য তুলে ধরে মন্ত্রী জানান, অ্যান্টি টেররিজম ইউনিট এবং সিটিটিসি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। রাষ্ট্রদূতও ডিজিটাল প্রতারণা ও আন্তর্জাতিক অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার সাথে একমত পোষণ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান এবং সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর আলবার্তো জিওভানেত্তি উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 'ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম-এর আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজ এক পৃথক বৈঠকে মিলিত হন।
মন্তব্য করুন
