বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
expand
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা চিন্তা করছি, পূর্ণাঙ্গ স্বাধীনতার চিন্তা করছি। স্বাধীনতা যেন নৈরাজ্যে পরিণত না হয়, তাই আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নীতি নির্ধারন করা হবে। সরকার ভিশন দেখাতে পারে। বাকি কাজ সাংবাদিকদেরই করতে হবে। বাজার অর্থনীতির কারণে একজন উদ্যোক্তা কিভাবে তার লগ্ন উঠিয়ে নেবেন, সেটা তার সিদ্ধান্ত। কিন্তু সরকার এমন কোনো উদ্যোক্তাকে বরদাশত করা হবে না যে, সাংবাদিকদের বেতন দিতে পারবে না।

তিনি আরো বলেন, চিন্তাশীল ব্যক্তিরাই কেবলমাত্র সাংবাদিকতা পেশায় থাকতে পারে। আমরা যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, শায়রুল কবির, উত্তর-দক্ষিণের সম্পাদক শেখ ফারুক আহমাদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন