

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন। সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে চায়।
তিনি বলেন, সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের সিলেট অঞ্চলের চা বাগানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চা শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগের অতীত অভিজ্ঞতা রয়েছে। এখাতে বিনিয়োগ বাড়ালে নতুন কর্মসংস্থান বাড়বে একই সাথে পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।
এসময় ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানাগুলোতে বিনিয়োগের পাশাপাশি দেশের ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্যও তিনি যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের সাথে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ( রপ্তানি) মো. আবদুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
