

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিয়ের পর সুখী দাম্পত্য জীবন প্রায় সবারই প্রত্যাশা। কিন্তু বাস্তবতা অনেক সময় সেই আশা পূরণ হতে দেয় না। অনেকের প্রথম বৈবাহিক অভিজ্ঞতা সুখকর হয় না, সম্পর্ক ভেঙেও যায়। তবে যারা দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বা নেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য কিছু ইতিবাচক খবর আছে। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই তুলনামূলক বেশি। HuffPost–এর এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। সবচেয়ে বড় কারণ, প্রথম দাম্পত্য জীবনের অভিজ্ঞতা। প্রথম সম্পর্ক মানুষকে শেখায় নিজের সীমাবদ্ধতা, প্রত্যাশার বাস্তবতা এবং সম্পর্কের জটিলতা সম্পর্কে। সেই অভিজ্ঞতা থেকে মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে এবং পরবর্তী সম্পর্কে আরও সচেতন ও পরিণত সিদ্ধান্ত নিতে পারে।
ফলে দ্বিতীয়বার নতুন করে সংসার শুরু করলে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক ভুল এড়িয়ে চলা সহজ হয়। শুধু তাই নয়, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ককে আরও যত্নশীল ও বাস্তবসম্মতভাবে গড়ে তোলার সুযোগও তৈরি হয় দ্বিতীয় বিয়েতে।
একসঙ্গে থাকতে গেলে মতের অমিল বা তর্ক হওয়া অস্বাভাবিক নয়। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনি এমন কোনো বিরোধে জড়ান না, যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন এবং যথাযথ সম্মান দেখান। আপনার কথা ও আচরণে এই শ্রদ্ধাবোধ স্পষ্ট হয়ে ওঠে, যা সঙ্গীকেও আশ্বস্ত করে। এ ধরনের পারস্পরিক সম্মানই একটি স্থিতিশীল ও সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। কারণ, প্রথম সম্পর্ক হারানোর পর একজন মানুষ উপলব্ধি করেন, জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সেই উপলব্ধি থেকেই দ্বিতীয় সম্পর্ককে তিনি আরও আন্তরিকভাবে গ্রহণ করেন। ফলে নতুন সঙ্গীর প্রতি নির্ভরতা ও আপন করে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়।
দ্বিতীয় বিয়ের পর সময় ও অভিজ্ঞতার ফলে সম্পর্ক ধরে রাখার দক্ষতা অনেকটাই পরিণত হয়। আপনি তখন নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। ফলে নতুন সঙ্গীর কাছে নিজের প্রত্যাশা ও প্রয়োজনগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন।
প্রথম স্ত্রীর সঙ্গে যদি সন্তান থাকে, তাহলে নতুন করে জীবন শুরু করার পর কিছুটা জটিলতার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে সন্তান আপনার সঙ্গে থাকলে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। তবে সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলভাবে সবকিছু সামলাতে পারলে এসব চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করা সম্ভব।
