সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
ইলিয়াস আলী (বামে) এবং শেখ হাসিনার সঙ্গে উইং কমান্ডার সাইফ (ডানে)।
expand
ইলিয়াস আলী (বামে) এবং শেখ হাসিনার সঙ্গে উইং কমান্ডার সাইফ (ডানে)।

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। পরে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে।

এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। ওই রাতে তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও।

দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও ইলিয়াস আলী ও আনসার আলীর কোনও সন্ধান পাওয়া যায়নি। তাদের নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময়ে নানা দাবি ও তদন্তের কথা সামনে এলেও এখন পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইলিয়াস আলীকে গুমের ঘটনাটি এখন মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতায় এসেছে। সেই মামলায় তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রোববার তাকে হাজির করার মধ্য দিয়ে মামলার কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন