

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সবুজবাগে তরুণীকে হত্যার পর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নারীসহ পাঁচ আসামিকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ফরিদ রিমান্ড বাতিলের আবেদন জানান। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন—নুসরাত জাহান সাহিদা (১৯), ফারুক ওরফে জামাই ফারুক (৪৫), মো. শালে সুজন (২০), ডি. মামুন (২০) এবং মো. রাফি ইসলাম ওরফে বাঙ্গি (১৯)।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ আগস্ট সকালে সবুজবাগ থানার বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মাথা ও পলিথিনে মোড়ানো দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত হয়। তার নাম ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯)। দুই হাতে থাকা ট্যাটু ও খণ্ডিত মাথার ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
মামলার নথি অনুযায়ী, সিসিটিভি ফুটেজে গত ৩ আগস্ট রাতে ভুক্তভোগীসহ কয়েকজনকে বাগানবাড়ী কালভার্ট এলাকায় একসঙ্গে দেখা যায়। তদন্তে পুলিশ জানতে পারে, পরে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ৪ আগস্ট রাতেও কয়েকজন আসামি ওই এলাকায় অবস্থান করেছিলেন বলে ফুটেজে দেখা গেছে।
তদন্ত কর্মকর্তার দাবি, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তাদের রিমান্ড আবেদন করা হয়।


