

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন। এর আগে বনানী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জুম্মান খান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রুবেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বনানী সুপার মার্কেটের ‘মনিমালা জুয়েলার্স’-এ ভাগ্নির বিয়ের জন্য স্বর্ণ কিনতে যান রুবেল ও তার সহযোগী আব্দুল্লাহ আল কাফি। তারা প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার পছন্দ করে বিল করার কথা বলেন।
দোকানে বিল পরিশোধের সময় রুবেল তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে এক হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল বের করেন। নোটগুলো পরীক্ষা করে দোকানের কর্মীরা জাল বলে সন্দেহ করেন। বিষয়টি টের পেয়ে রুবেল ও কাফি পালানোর চেষ্টা করেন। পরে দোকানিদের চিৎকারে স্থানীয়রা রুবেলকে ধরে ফেললেও কাফি পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে। পরে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়েলার্সের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রুবেল ও তার সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জাল নোটের উৎস, সরবরাহকারী এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে রুবেলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পুলিশের দাবি, সিডিএমএসের তথ্য অনুযায়ী রুবেলের বিরুদ্ধে জাল টাকা, প্রতারণা, মানিলন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।