

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সচিবালয়ের অভ্যন্তর থেকে চুরি হওয়া বিটিসিএলের তামার তার কেনার অভিযোগে গ্রেপ্তার ভাঙারি ব্যবসায়ী মো. মাহাবুব হাসানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মাহাবুবকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বিটিসিএলের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় তার চুরির বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় চুরি যাওয়া তারের অনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান।
মামলার তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে সচিবালয়ের পুরাতন ভবন-১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার কপার ক্যাবল চুরি হয়। চুরি হওয়া সরকারি সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ৪ জুন সচিবালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রঞ্জন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি পুলিশকে জানান, চুরি করা তার থেকে তামা আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলসংলগ্ন একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছিল। পরে ওই তথ্যের ভিত্তিতে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক মো. মাহাবুব হাসানকে গ্রেফতার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জিজ্ঞাসাবাদে মাহাবুব চোরাই তামার তার কেনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি সেই মালামালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি।
ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
