রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
সালমান এফ রহমান ও আনিসুল হক
expand
সালমান এফ রহমান ও আনিসুল হক

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এর আগে গত ১০ ফেব্রুয়ারি মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থান চলাকালে সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে একটি ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারী ছাত্র-জনতাকে 'শেষ করে দিতে হবে' বলে মন্তব্য করেন।

প্রসিকিউশনের অভিযোগ, তাদের এই নির্দেশনামূলক বক্তব্যের পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়, যা সুস্পষ্টভাবে এই গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পরবর্তীতে সেই অভিযোগ আমলে নিয়ে গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় আজ থেকে মামলাটির আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X