বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনা জানালেন অর্থ প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল কার্যকর করার বিষয়ে নতুন সরকারের অবস্থান তুলে ধরেছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, নতুন বেতন কাঠামো দেওয়া হবে, তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এদিন অর্থ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর সমন্বয়ক এম এ হান্নানসহ অন্য নেতারা।

সাক্ষাৎ শেষে এম এ হান্নান সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর করা হবে। তবে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

বৈঠকে নেতারা অতীতে পে-স্কেলের দাবিতে আন্দোলনের সময় জোনায়েদ সাকির সমর্থনের কথাও স্মরণ করিয়ে দেন। জবাবে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আর্থিক ও নীতিগত সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

প্রসঙ্গত, নবম বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করেছিল। গত ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X