

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে এক প্ল্যাটফর্মে একাধিক শীর্ষস্থানীয় এআই মডেল ও টুল ব্যবহারের সুবিধা নিয়ে ‘ওয়ানএআই’ চালু করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। মাইজিপি অ্যাপে একটি ইন্টারফেস ও সাবস্ক্রিপশনের মাধ্যমে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনাইসহ বিভিন্ন এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন গ্রামীণফোনের গ্রাহকেরা।
সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক এআই টুল আরও সহজ, সুলভ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ওয়ানএআই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এর মাধ্যমে একাধিক এআই প্ল্যাটফর্ম ও আলাদা সাবস্ক্রিপশন ব্যবহারের প্রয়োজনীয়তা কমবে। শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরিসহ বিভিন্ন কাজে এআই ব্যবহারের সুযোগ মিলবে।
গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষে জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ানএআই সেবার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিম ও কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেহান আসিফ আসাদ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতি, শিল্প খাত ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। এআইয়ের সম্ভাবনাকে গ্রহণ ও কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানএআইয়ের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এআই সহজলভ্য করে তুলতে গ্রামীণফোনের ভূমিকা আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।
রেহান আসিফ আসাদ বলেন, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি সাশ্রয়ী উপায়ে এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি করবে, যা তাদের পড়াশোনা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ দেশে এআইয়ের প্রসার ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের গতিকে নতুন মাত্রা দেবে বলে প্রত্যাশা করেন তিনি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আরও বড় পরিসরে গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই’ যাত্রার পরবর্তী ধাপের সূচনা হলো। এখন আমাদের জন্য এআই আর কোনো পরীক্ষামূলক বিষয় নয়।’
তিনি বলেন, স্বয়ংক্রিয় নেটওয়ার্ক ও হাইপার-পারসোনালাইজড সেবা থেকে শুরু করে এআইভিত্তিক গ্রাহকসেবা পর্যন্ত গ্রামীণফোনের কর্মী, সার্বিক কার্যক্রম ও গ্রাহক অভিজ্ঞতার সর্বস্তরে এআইয়ের প্রয়োগ প্রতিনিয়ত আরও বিস্তৃত ও সুদৃঢ় হচ্ছে।
ইয়াসির আজমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ কেবল এআইয়ের একার নয়; বরং ভবিষ্যৎ সেই মানুষদের, যারা দায়িত্বশীলতার সঙ্গে ও ইতিবাচক উদ্দেশ্যে এআই প্রযুক্তিকে কাজে লাগাবে।’
তিনি জানান, গ্রামীণফোনের ভেতরে ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটির বাইরেও এ লক্ষ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে কোটি কোটি গ্রাহকের, বিশেষ করে শিক্ষার্থীদের হাতে এআইয়ের সম্ভাবনা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের পথ আরও সহজ হবে বলে জানান তিনি।
পাশাপাশি গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের এআই দক্ষতা তৈরি এবং তাদের উদ্ভাবনী ভাবনাকে অর্থপূর্ণ সমাধানে রূপান্তরে সহায়তা করা হচ্ছে বলেও জানান ইয়াসির আজমান। দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে আরও বেশি মানুষকে সক্ষম করে তোলার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্রামীণফোনের গ্রাহকেরা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরাসরি ওয়ানএআই ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দসই বিভিন্ন প্যাকেজও কেনা যাবে।
শিক্ষার্থীদের জন্য ওয়ানএআইয়ের প্যাকেজ শুরু হচ্ছে প্রতি মাসে ৭১ টাকা থেকে। এ প্যাকেজে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও কোডিং সহায়তার সুবিধা পাওয়া যাবে।



