রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিলো ব্রাজিল

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
ডেঙ্গু টিকা
expand
ডেঙ্গু টিকা

ডেঙ্গুর বাড়তে থাকা বৈশ্বিক উদ্বেগের মধ্যে বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু টিকার ব্যবহারে অনুমোদন দিয়েছে ব্রাজিল।

বুধবার (২৬ নভেম্বর) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা সাও পাওলোর বুটান্টান ইনস্টিটিউট উদ্ভাবিত বুটান্টান–ডিভি টিকাটিকে ব্যবহারের জন্য অনুমতি দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা TAK-003 নিতে হয় দুই ডোজে, তিন মাস বিরতিতে। ফলে নতুন এক-ডোজ টিকাটি দ্রুত, সহজ ও কার্যকর টিকাদান কর্মসূচি পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য প্রযোজ্য।

বুটান্টান ইনস্টিটিউট জানায়, ৮ বছর ধরে চলা গবেষণা ও ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচালিত পরীক্ষায় টিকাটি গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক এসপার ক্যালাস বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও জনস্বাস্থ্যের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। বহু বছর ধরে আমাদের কাবু করে রাখা রোগটির বিরুদ্ধে আজ আমরা আরও শক্তিশালী অস্ত্র হাতে পেলাম।”

ডেঙ্গুর তীব্র জ্বর, শরীর ব্যথা ও অসহ্য ক্লান্তির কারণে রোগটিকে অনেক সময় ‘হাড়ভাঙা জ্বর’ বলা হয়। গুরুতর অবস্থায় রক্তক্ষরণ হতে পারে এবং মৃত্যুঝুঁকিও তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এডিস মশার বিস্তার বাড়ছে—যার ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ এমন বহু অঞ্চলেও ডেঙ্গু ধরা পড়ছে, যেখানে আগে এ রোগ প্রায় অজানা ছিল।

২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে ১ কোটি ৪৬ লাখ ডেঙ্গু রোগী এবং প্রায় ১২ হাজার মৃত্যুর তথ্য নথিবদ্ধ করে—যা ইতিহাসের সর্বোচ্চ। এ মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটে ব্রাজিলে।

ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আরও জোরদার পদক্ষেপ হিসেবে ব্রাজিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চীনা প্রতিষ্ঠান উক্সি বায়োলজিক্স থেকে ৩ কোটি ডোজ টিকা আমদানির চুক্তি করেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup