

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কেবল মিষ্টি খেলেই যে রক্তে সুগার বা ডায়াবেটিস বাড়ে- এই ধারণাটা পুরোপুরি সত্যি নয়। মিষ্টি না খেয়েও প্রতিদিনের কিছু বাজে অভ্যাসের কারণে রক্তের শর্করা হু হু করে বেড়ে যেতে পারে। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর সকালের কিছু ভুল কাজ এর জন্য সবচেয়ে বেশি দায়ী।
দৈনন্দিন জীবনের এমন ৫টি ভুল হলো-
১. খালি পেটে দুধ-চা বা কফি খাওয়া
সকালে চোখ খুলেই চিনি দেওয়া কড়া চা বা কফিতে চুমুক দেওয়া অনেকেরই পুরোনো অভ্যাস, আর সাথে দু-একটা বিস্কুট তো থাকেই। সারা রাত পেট খালি থাকার পর হুট করে চিনি আর ক্যাফেইন পেটে গেলে তা দ্রুত রক্তে মিশে সুগার বাড়িয়ে দেয়।
তাই দিনের শুরুটা চা-কফি দিয়ে না করে প্রোটিন বা ফাইবারযুক্ত খাবার দিয়ে করা উচিত। চিনি দিয়ে চা খেতে চাইলে তা ভারী নাশতার পরেই খাওয়া ভালো।
২. ঘুম থেকে উঠেই অলসতা ও ফোন স্ক্রোল
বিছানা ছেড়ে না উঠে দীর্ঘক্ষণ শুয়ে-বসে মোবাইল স্ক্রোল করা সুগার বাড়ার অন্যতম বড় কারণ। সকালে শরীরে ‘কর্টিসল’ নামক স্ট্রেস হরমোন এমনিতে একটু বেশি থাকে, যা সুগার প্রাকৃতিকভাবেই বাড়িয়ে দেয়।
ঘুম থেকে উঠে হালকা হাঁটাচলা না করলে শরীরের পেশি সচল হয় না, ফলে রক্তে জমা থাকা বাড়তি গ্লুকোজ খরচ হওয়ার সুযোগ পায় না।
৩. সকাল সকাল ধূমপানের অভ্যাস
তামাকে থাকা নিকোটিন শরীরের ইনসুলিন হরমোন কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতা কমিয়ে দেয় এবং ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’ তৈরি করে। খালি পেটে ধূমপান করলে স্ট্রেস হরমোনের ক্ষরণ আরও বেড়ে যায়, যা সরাসরি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
৪. ঘুম থেকে উঠে পানি না খাওয়া
সারা রাতে দীর্ঘ ৬-৮ ঘণ্টা ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই সামান্য ডিহাইড্রেটেড বা পানিশূন্য থাকে। সকালে উঠে পানি না খেয়ে সরাসরি চা-কফি খেলে এই পানিশূন্যতা আরও বাড়ে। শরীরে পানির পরিমাণ কমলে রক্তে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যায়, ফলে সুগার টেস্ট করলে মাত্রা অনেক বেশি দেখায়।
৫. দেরি করে নাশতা খাওয়া
সকালে দীর্ঘ সময় না খেয়ে পেট খালি রাখলে সুগার কমার বদলে উল্টো বেড়ে যায়। যেমন- সকাল ৮টায় ঘুম থেকে উঠে বেলা ১২টায় নাশতা খেলে, শরীর শক্তি পাওয়ার জন্য লিভারে জমা থাকা গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে পাঠাতে থাকে। ফলে দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়ে।
সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকালের এই ছোট ছোট অভ্যাসগুলো দ্রুত বদলে ফেলা জরুরি।



