বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খবরের কাগজে খাবার খাচ্ছেন? অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাস্তার পাশের দোকান থেকে শিঙাড়া, জিলাপি, চপ বা বিভিন্ন তেলেভাজা খাবার কিনে খবরের কাগজের ঠোঙায় খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে এই অভ্যাস যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ভারতের ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া’ (এফএসএসএআই)।

সংস্থাটির মতে, খাবার প্যাকেটজাত করা, সংরক্ষণ করা বা পরিবেশনের জন্য খবরের কাগজ ব্যবহার করা উচিত নয়। কারণ সংবাদপত্রের কালিতে সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। গরম, তৈলাক্ত বা আর্দ্র খাবার কাগজের সংস্পর্শে এলে এসব রাসায়নিক সহজেই খাবারের সঙ্গে মিশে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গরম শিঙাড়া, চপ, কাটলেট বা পেঁয়াজুর মতো খাবার খবরের কাগজে পরিবেশন করলে ঝুঁকি আরও বেড়ে যায়। তাপ ও তেলের কারণে কালি থেকে ক্ষতিকর উপাদান খাবারে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এ ছাড়া সংবাদপত্র বহু মানুষের হাত ঘুরে আসে এবং বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। ফলে এতে জীবাণু ও রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকার আশঙ্কাও থাকে, যা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

দীর্ঘদিন ধরে এসব রাসায়নিক শরীরে জমতে থাকলে স্নায়ুতন্ত্র ও কিডনির ক্ষতি হতে পারে। শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে। এমনকি ক্যানসারের মতো গুরুতর রোগের সম্ভাবনাও বাড়তে পারে।

এ কারণে রাস্তার হকার, খাবারের দোকান, রেস্তোরাঁসহ সব খাদ্য ব্যবসায়ীর নিরাপদ ও ফুড-গ্রেড প্যাকেজিং ব্যবহারের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্য সুরক্ষায় খবরের কাগজের বদলে নিরাপদ প্যাকেট ব্যবহার করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন