শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের রেকর্ড ছাড়িয়ে ভারতে নতুন ইতিহাস গড়ল ‘স্পাইডারম্যান’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। উদ্বোধনী দিনে কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে ছবিটি হলিউড সিনেমার প্রথম দিনের আয়ের সব আগের রেকর্ড ভেঙে দিয়েছে। পাশাপাশি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর উদ্বোধনী দিনের গ্রস আয়ের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার দাবি করেছেন বক্স অফিস বিশ্লেষকেরা।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে ভারতের বাজারে হলিউড চলচ্চিত্রের উদ্বোধনী দিনের সর্বোচ্চ নেট আয়ের রেকর্ড গড়েছে এটি।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথম দিনে মোট ৬৫ কোটি রুপি (কর বাদে ৫৩ দশমিক ৬০ কোটি) এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ মোট ৪৮ দশমিক ৭৫ কোটি রুপি (কর বাদে ৪০ দশমিক ৩০ কোটি) আয় করেছিল। নতুন স্পাইডারম্যান চলচ্চিত্র সেই দুটি রেকর্ডই পেছনে ফেলেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে ছবিটি মুক্তি দেওয়া হয়। কোনো ব্লক বুকিং বা প্রিভিউ শোর সুবিধা ছাড়াই ছবিটি এ সাফল্য অর্জন করেছে।

ভারতে অনেক সময় উদ্বোধনী দিনের আয় বাড়িয়ে দেখাতে ব্লক বুকিং বা প্রিভিউ শোর মাধ্যমে অতিরিক্ত টিকিট বিক্রির কৌশল নেওয়া হয়। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ক্ষেত্রে এমন কোনো উদ্যোগ ছিল না। তবুও ছবিটি শুধু হলিউড নয়, সাম্প্রতিক সময়ের একাধিক বড় বাজেটের ভারতীয় সিনেমার উদ্বোধনী দিনের আয়ও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের ধারণা, সামনে উল্লেখযোগ্য কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় চার দিনের সপ্তাহান্তে ছবিটির আয় ১৫০ থেকে ২০০ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে। এমনটি হলে ভারতের বক্স অফিসে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হলো ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর পরবর্তী কিস্তি। আগের তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন জন ওয়াটস। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন