মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার অবনতি, দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন  

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর অবশেষে জন্মভূমিতে ফিরছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ সময় আজ সোমবার (৩ আগস্ট) সকালে জামাতা আরিফুল ইসলাম কলিন্সকে সাথে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

তবে প্রিয় অভিনেতার এই দেশে ফেরা দীর্ঘদিনের জন্য নয়। কাঞ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট লন্ডনে তার পরবর্তী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার শিডিউল রয়েছে।

তাই চিকিৎসার স্বার্থেই আগামী ১৪ আগস্টের আগেই তাকে পুনরায় লন্ডনে ফিরে যেতে হবে।

লন্ডনে দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই একুশে পদকপ্রাপ্ত অভিনেতাকে। জানা গেছে, এ পর্যন্ত তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কেমোথেরাপির প্রভাব তার শরীরেও পড়েছে। বিমানবন্দরে তোলা সম্প্রতি একটি ছবিতে তাকে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে।

পারিবারিক সূত্রে লিটন এরশাদ জানান:

‘চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ কোনো উন্নতি হয়নি। তবে কাঞ্চন ভাই নিজে থেকেই কয়েক দিনের জন্য দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তেই তাকে অল্প সময়ের জন্য বাংলাদেশে আনা হচ্ছে।’

গত বছরের এপ্রিলে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে একই বছরের আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার করা হয়। কিন্তু কিছু শারীরিক জটিলতার কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি।

এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার নিয়মিত কেমোথেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসা চলছে।

ইলিয়াস কাঞ্চন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন এই অভিনেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন