

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যে হাসিমুখটি একসময় অন্যের মুখে হাসি ফোটাত, সেই কারিনা কায়সার আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। গত ১৬ মে এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রীর অকাল প্রস্থান স্তব্ধ করে দিয়েছিল শোবিজকে।
তবে তিনি সশরীরে না থাকলেও তাঁর সৃষ্টি রয়ে গেছে দর্শকের হৃদয়ে। আর তাই ‘৩৬-২৪-৩৬’ ওয়েবফিল্মে চমৎকার অভিনয়ের জন্য ‘বেস্ট অ্যাক্টর (ফিমেল)’ বিভাগে মনোনয়ন পেলেও, শ্রদ্ধাবশত তাঁকে আর সাধারণ প্রতিযোগিতার ফ্রেমে বন্দি রাখেনি ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।’
আগামী ৩ জুলাই চরকির পাঁচ বছর পূর্তি উপলক্ষে বসছে ‘চরকি কার্নিভাল’। সেখানে ২০২৩ ও ২০২৪ সালের সেরা কনটেন্টগুলোকে পুরস্কৃত করা হবে।
চরকির সিইও রেদওয়ান রনি জানান, কারিনাকে প্রতিযোগিতার বাইরে রেখে তাঁর অসামান্য অবদানকে এবার একটি বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।
এদিকে ২০২৪ সালের ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগে লড়াই জমজমাট। সেরা ছবির দৌড়ে আছে ‘তুফান’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ’৩৬-২৪-৩৬’। এছাড়া সেরা অভিনেতা, অভিনেত্রী ও সিরিজসহ বিভিন্ন বিভাগে আজ থেকেই চরকির ওয়েবসাইটে শুরু হয়েছে দর্শক ভোটিং।
প্রিয় তারকাদের জেতাতে ভক্তরা যখন ভোটে ব্যস্ত, তখন কারিনা কায়সারের জন্য চরকির এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি যেন উৎসবের আবহে এক টুকরো মানবিকতার ছোঁয়া দিয়ে গেল।
