

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লন্ডনের মাটিতে আবারও বাজতে যাচ্ছে বাংলাদেশের গল্প। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৭তম আসর। পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে আয়োজিত এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশসহ প্রায় ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আর্মেনিয়া এবং ইউক্রেন।
এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “নয়া মানুষ”।
উৎসবের দ্বিতীয় দিন, ১৮ মে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ছবিটি প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস “বেদনার বালুচরে” অবলম্বনে নির্মিত এ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমি হামিদ, শিখা কর্মকারসহ আরও অনেকে।
নির্মাতা সোহেল রানা বয়াতির ভাষায়, “বাংলাদেশের চলচ্চিত্র যখন আন্তর্জাতিক উৎসবে জায়গা পায়, তখন তা গর্বের। ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। বর্তমান বাস্তবতায় এটি এক ধরনের প্রতিবাদও।”
চলচ্চিত্রটির নির্মাণ পেছনেও রয়েছে এক ভিন্ন গল্প। সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন সময়ে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে শুটিং করা হয়েছে এর দৃশ্যগুলো। যা ছবিটিকে দিয়েছে বাস্তবতার শক্ত ভিত্তি।
এছাড়াও সিনেমাটির সংগীতেও রয়েছে বৈচিত্র্য। বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খানসহ একাধিক শিল্পীর কণ্ঠে গান যুক্ত হয়েছে এই ছবিতে। সংগীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।
বাংলাদেশি সিনেমা যখন বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করতে চায়, তখন ‘নয়া মানুষ’-এর মতো চলচ্চিত্র শুধু বিনোদন নয় – বরং এটি বহন করে এক ধরনের বার্তা, এক ধরনের প্রতিবাদ।
লন্ডনের দর্শকদের সামনে সেই বার্তাই এবার তুলে ধরবে ‘নয়া মানুষ’।
মন্তব্য করুন
