

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এর লনে দেখা মিলল দুটি সাপের। সোমবার রাতে কর্মীদের নজরে আসার পর খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে। পরে দীর্ঘ তল্লাশি চালিয়ে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটির কোনো সন্ধান মেলেনি। দ্বিতীয় সাপটি কোথায় গেল? এ প্রশ্নে ‘মান্নাত’ এলাকায় (বান্দ্রা) তোলপাড় শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) রাতে মান্নতের লনে দুটি সাপ দেখতে পান বাড়ির কর্মীরা। বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানো হলে দ্রুত সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, রাত ৮টার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে। এরপর উদ্ধারকারী দল মান্নতে গিয়ে লন ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে।
একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপটির সন্ধান পান উদ্ধারকারীরা। সেটিকে সাবধানে সেখান থেকে বের করে আনা হয়। প্রায় ৮ ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয় বলে জানান উদ্ধারকারীরা।
তবে শুরুতে কর্মীরা দুটি সাপ দেখেছিলেন। তাই দ্বিতীয় সাপটির খোঁজেও দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। উদ্ধারকারীদের ধারণা, লোকজনের চলাচল ও তল্লাশি শুরু হওয়ার পর দ্বিতীয় সাপটি দ্রুত অন্য কোথাও সরে যায়।
সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও শেষ পর্যন্ত দ্বিতীয় সাপটির কোনো হদিস পাওয়া যায়নি। সেটি মান্নতের চত্বরেই কোথাও লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রসংলগ্ন এলাকায় অবস্থিত ‘মান্নাত’ শাহরুখ খানের ভক্তদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিনই বাংলোটির বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে জন্মদিন ও ঈদের মতো বিশেষ দিনে বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন শাহরুখ।
এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জিসহ কয়েকজন অভিনয়শিল্পী।


