বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি কমিশনারের ভাগনে’ বলেই মহাসড়কে এলোপাতাড়ি গুলি যুবকের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। এ সময় ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগ্নে’ বলে পরিচয় দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার হাইওয়ে থানার বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে ওই যুবক গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান।

এদিকে ঘটনার পরপরই গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেরুন রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে ওই যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়।

এ সময় গাড়িতে থাকা এক যুবতী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালাগাল করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাসান আমিন জানান, একটি প্রাইভেটকারে ওই যুবক এক যুবতীকে নিয়ে ঢাকার দিক থেকে এসে ভাঙ্গা হাইওয়ে থানার বিপরীতে মহাসড়কের ওপর গাড়ি থামিয়ে রাখেন। এ সময় স্থানীয় এক যুবক তাঁকে গাড়িটি সড়কের পাশে রাখার অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

তিনি বলেন, একপর্যায়ে গাড়িতে থাকা যুবতী নেমে স্থানীয় ওই ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন গাড়িতে থাকা যুবক বলেন, ‘আমি কমিশনারের ভাগ্নে।’ এরপর তিনি গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে পিস্তল নিয়ে গালাগাল করতে করতে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।

হাসান আমিন আরো বলেন, গুলির শব্দে স্থানীয় লোকজন নিরাপদ দূরত্বে সরে যান। পরে ওই যুবক ও যুবতী গাড়ি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে গোপালগঞ্জের দিকে চলে যান।

এ বিষয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু জানান, ভিডিওটি আমাদের হাতে এসেছে। ভিডিওটি আমাদের এলাকার কি না, তা আগে শনাক্তের চেষ্টা করছি। ভাঙ্গার ঘটনা হয়ে থাকলে দ্রুতই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভিডিওটি ভাঙ্গার কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা কোনো তথ্য জানতে পারেনি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। ওই সময় আমাদের থানার আশপাশে কোনো টহল দল ছিল না। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে কোনো আলামত পাইনি বা সংগ্রহ করতে পারিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank