সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনের কয়েকদিন আগে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের। আগামী ২১ আগস্ট ৩৭ বছরে পা দেওয়ার কথা ছিল তার। রোববার (১৬ আগস্ট) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর প্রতিনিধি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন প্যানেটিয়ের। পরে ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন তিনি। ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘ন্যাশভিল’-এ অভিনয়ের সুবাদে দুবার গোল্ডেন গ্লোবের মনোনয়নও পেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রতিনিধিরা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানান, হেইডেন ছিলেন প্রাণবন্ত ও উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। তার অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে পরিচিতজনের পাশাপাশি বিশ্বজুড়ে অসংখ্য দর্শকের জীবনেও আনন্দের ছাপ রেখে গেছেন তিনি।

তবে আলোর ঝলমলে ক্যারিয়ারের আড়ালে প্যানেটিয়েরের ব্যক্তিজীবন ছিল নানা সংগ্রামে ভরা। অ্যালকোহল ও মাদকাসক্তির সঙ্গে নিজের লড়াইয়ের কথা তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন। ২০২০ সালে পুনর্বাসন কেন্দ্রে সময় কাটানোর পর আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি।

জীবনে আরেকটি বড় ধাক্কা আসে ২০২৩ সালে। মাত্র ২৮ বছর বয়সে মারা যান তার ছোট ভাই অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ের। হৃদ্‌যন্ত্রের সমস্যায় তার মৃত্যু হয়। ভাইকে হারানোর শোক নিয়ে ২০২৪ সালে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেইডেন বলেছিলেন, জীবনে ভয়াবহ কোনো ঘটনা ঘটে গেলে ছোটখাটো বিষয়গুলোর গুরুত্ব আর আগের মতো মনে হয় না।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন হেইডেন। ‘ন্যাশভিল’ সিরিজে তার গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। এমনকি তার গান জায়গা করে নেয় বিলবোর্ডের কান্ট্রি মিউজিক চার্টেও।

জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে চলতি বছরের মে মাসে প্রকাশিত হয় তার প্রথম স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’। সেখানে শৈশব থেকে শুরু করে খ্যাতির চাপ, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং আসক্তির সঙ্গে লড়াই—জীবনের নানা অধ্যায় তুলে ধরেছিলেন তিনি।

হেইডেন প্যানেটিয়েরের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে হলিউডে। মাত্র ৩৬ বছরের জীবনে অভিনয় ও সংগীতে রেখে যাওয়া কাজের জন্য দর্শকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank