

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সম্প্রতি নেটদুনিয়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। একটি গণমাধ্যম তার পুরোনো একটি সাক্ষাৎকার থেকে কার্ড তৈরি করে পোস্ট করার পর এই বিতর্কের সূত্রপাত হয়।
সেই পোস্টে পপির বক্তব্য ছিল, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
পপির এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধরে নেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করাকে 'পাপ' মনে করেই সিনেমা জগত থেকে বিদায় নিয়েছেন। নেটিজেনদের নানা মন্তব্য ও ভুল বোঝাবুঝির মুখে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
তিনি পরিষ্কার করে জানান, তার এই মন্তব্যের সাথে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। তিনি চলচ্চিত্রে অভিনয় করাকে কখনো পাপ বলেননি। মানুষের জীবনে জানা-অজানা নানা ভুলত্রুটি ও পাপের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টিই তিনি সেখানে তুলে ধরেছিলেন।
যে সিনেমা তাকে পরিচিতি, সম্মান ও জীবিকা এনে দিয়েছে, তা নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই ওঠে না বলে তিনি জোর দেন।
চলচ্চিত্র থেকে পুরোপুরি অবসর নেননি জানিয়ে পপি আরও উল্লেখ করেন, মনের মতো গল্প ও চরিত্র পেলে তিনি আবারও অভিনয়ে ফিরতে পারেন। এমনকি নিজের আত্মজীবনীমূলক চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে সিনেমা প্রযোজনায় আসার ইচ্ছার কথাও ব্যক্ত করেন তিনি।
২০২১ সালের শুরু থেকেই পপি মিডিয়া থেকে একপ্রকার আড়ালে চলে যান। পরবর্তীতে জানা যায়, তিনি বিয়ে করে সংসার শুরু করেছেন এবং একটি পুত্রসন্তানের (নাম আয়াত) জননী হয়েছেন। বর্তমানে স্বামী আদনান ও সন্তানকে নিয়ে তিনি সুখে দিন কাটাচ্ছেন এবং জীবনের তাগিদেই অভিনয় থেকে কিছুটা দূরে আছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে 'লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পপির মিডিয়ায় যাত্রা শুরু। ১৯৯৭ সালে 'কুলি' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দীর্ঘ প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’।


