

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের ব্যক্তিগত জীবন সব সময়ই অনুরাগীদের কাছে প্রচণ্ড কৌতুহলের বিষয়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
কথাচ্ছলে অতীতে ঘটা একটি 'অপূর্ণ প্রেম'-এর স্মৃতিচারণের পাশাপাশি জীবনে করা নানা 'ভুল' নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও, সেই ঘটনাগুলো আসলে কী ছিল তা স্পষ্ট করেননি এই মেগাস্টার।
জীবনে কোনো ভুল করেছেন কি না- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন।
তার কথায়, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’
একা নিজের মুখোমুখি হলে এসব পুরনো হিসেব-নিকাশ তাকে মানসিক কষ্ট দেয় বলে জানান শাকিব। তবে চাইলেও যে অতীত বদলানো সম্ভব নয়, সে বাস্তবতাকে মেনে নিয়েই তিনি জানান, একবার কোনো বিষয়টি ভুল হিসেবে চিহ্নিত হলে জেনে-বুঝে আর তা করার কোনো সম্ভাবনা থাকে না।
আলাপচারিতায় উপস্থাপক ইঙ্গিতপূর্ণভাবে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে জানতে চাইলে শাকিব খান স্পষ্টভাবে জানান, শাকিব খানের স্পষ্ট উত্তর, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
সামাজিক মাধ্যমের অতি উৎসাহী ও বানোয়াট খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই অভিনেতা জানান, যেকোনো ঘটনার সত্যতা যাচাইয়ের আগেই এখন রটে যায় এবং অনেক সময় অবাস্তব সব গল্পের সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়। এই অতিরঞ্জিত প্রচারের কারণেই বর্তমানে তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এবং অন্তর্মুখী হয়ে পড়েছেন।
বিতর্ক ও আলোচনা পেছনে ফেলে জীবনের বাকি সময়টুকু আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান শাকিব খান। একই সাথে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে দারুণ আশাবাদী, যা চলতি বছরের অক্টোবর নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।