

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন প্রজন্ম বা ‘জেন-জি’ নিয়ে নিজের দেওয়া বিতর্কিত মন্তব্য থেকে অবশেষে সরে এলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।
কিছুদিন আগেই জেন-জিদের কড়া সমালোচনা করে ‘নর্দমার প্রজন্ম’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের ঝড় ওঠে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পূর্ণ বিপরীত সুর ছড়িয়ে এই তরুণ সমাজকেই ‘দেশের চালিকাশক্তি ও সম্পদ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
আগের অবস্থান পরিবর্তন করে কঙ্গনা এখন তরুণদের প্রশংসায় পঞ্চমুখ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জেন-জি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ।
আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।’
মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে কিছু তরুণের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ।
সে সময় তিনি জেন-জিদের ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন এবং তরুণদের করা ভিডিওগুলোকে ‘বমি উদ্রেককারী’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সেদিনের সেই তীব্র কটু মন্তব্য নিয়ে দেশজুড়ে তোপের মুখে পড়ার পর এবার তাদের ইতিবাচক ভূমিকা ও জাতীয় অবদানের কথা স্বীকার করে নিজের আগের সুর বদলে নিলেন কঙ্গনা।