রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়: মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের সেই তুমুল জনপ্রিয় ‘পাখি’ চরিত্রে অভিনয় করে একসময় বাংলাদেশের দর্শকদের মন জয় করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার।

এবার সেই ‘পাখি’ সরাসরি পা রাখছেন ঢালিউডে। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

গতকাল অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির মহরত। সেখানে উপস্থিত হয়ে নিজের এই নতুন পথচলা নিয়ে নানা অভিজ্ঞতার কথা গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন মধুমিতা।

দর্শকদের প্রত্যাশা ও বিশাল দায়িত্ববোধ নতুন এই জার্নি নিয়ে দারুণ উচ্ছ্বসিত হলেও কিছুটা নার্ভাস মধুমিতা। দর্শকদের বিপুল আগ্রহ আর ভালোবাসা দেখে তিনি অনুভব করছেন এক বিশাল দায়িত্ববোধ।

তিনি জানান, দর্শকরা অনেক আশা নিয়ে সিনেমা হলে যাবেন, তাই তিনি চান না কেউ বিন্দুমাত্র নিরাশ হোন। নিজের চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, চরিত্রটিতে ভালো-খারাপের এক দারুণ সূক্ষ্ম ফারাক রয়েছে, যা পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। তবুও এই গুরুদায়িত্ব পালনে তিনি শতভাগ আশাবাদী।

কেন বেছে নিলেন ‘গুলশানের চামেলী’?

প্রথমবার যখন সিনেমাটির প্রস্তাব পান, ‘গুলশানের চামেলী’ নামটি শোনার পরই চরিত্রটি নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন এই অভিনেত্রী।

গল্প পড়ার পর তিনি বুঝতে পারেন, এটি সম্পূর্ণ তার কম্ফোর্ট জোনের বাইরের একটি চরিত্র, যা তিনি আগে কখনো করেননি। পরিচালকের কাছ থেকে চিত্রনাট্য শোনার পরই তিনি নিশ্চিত হন, ঢালিউডে অভিষেকের জন্য এটিই হতে যাচ্ছে তার সেরা সুযোগ।

বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি টান বাংলাদেশ নিয়ে আলাদা করে কোনো গবেষণার প্রয়োজন মনে করেননি মধুমিতা। কারণ, এ দেশের মানুষের প্রতি তার টান আজকের নয়।

মজার ব্যাপার হলো, তার ইনস্টাগ্রাম পেজটিও একজন বাংলাদেশি ভক্তই খুলে দিয়েছিলেন! মধুমিতার মতে, এরকম নিঃস্বার্থ ভালোবাসা তিনি সবসময় পেয়ে এসেছেন এবং ওপার বাংলার চেয়ে এ দেশের মানুষই তাকে বেশি চেনে।

ঢাকাই খাবারের প্রতি ঝোঁক কাজের পাশাপাশি এ দেশের খাবারের স্বাদ নিতেও দারুণ আগ্রহী তিনি। মধুমিতা জানিয়েছেন, বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও আর চিকেন ঘি রোস্ট খাওয়ার তীব্র ইচ্ছা রয়েছে তার। আর ফিরে যাওয়ার আগে ঢাকার রাস্তার বিখ্যাত ফুচকাও চেখে দেখতে চান এই অভিনেত্রী।

শুটিং ও অন্যান্য অভিনয়শিল্পী চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ‘গুলশানের চামেলী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

এই সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে পর্দা শেয়ার করবেন বাংলাদেশের একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, রোজিনা এবং আশীষ খন্দকার প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন