

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক বা কসমিক থ্রিলার ঘরানার যে বড়সড় অপূর্ণতা ছিল, এবার তা শেষ হতে চলেছে। নেপথ্যে রয়েছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবং তার নতুন ও বড় আয়োজনের সিনেমা ‘আন্ধার’।
সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই শোরগোল পড়েছিল, তবে সম্প্রতি শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাতে নতুন মাত্রা যোগ করেছেন নির্মাতা নিজেই।
এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন যে তিনি অফিশিয়ালি ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’ দেওয়া শুরু করছেন। সেই কথার পরপরই মনিটর স্ক্রিনে দেখা মেলে অভিনেত্রী নাজিফা তুষির।
ভৌতিক আবহের মধ্যেও তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউডপ্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে। নির্মাতা স্পষ্ট করেছেন, এটি কোনো অফিশিয়াল স্টিল বা পোস্টার নয়, স্রেফ শুটিংয়ের একটি মুহূর্ত।
তবে তার মতে, এই এক ফ্রেমে তুষির সবচেয়ে ‘মোহময়’ উপস্থিতি প্রকাশ পেয়েছে, যা ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরবর্তীতে সেই গল্পের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।
এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো গুণী অভিনয়শিল্পীরা।
তাছাড়াও এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ মুখ- ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।