শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী
expand
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

নির্বাচনের দিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত ইউনিট ও সাদা পোশাকের ডিবি পুলিশ মোতায়েন থাকবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব তথ্য দেন।

তিনি বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি বড় কোনো অঘটন ঘটবে না। আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে, প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।”

ডিএমপি কমিশনার জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইতোমধ্যেই ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টহল, কুকুর ব্যবহৃত ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, সাদা পোশাকের ডিবি পুলিশ, সিসিটিভি মনিটরিং সেল ও রিজার্ভ ফোর্স দায়িত্বে থাকবে। বর্তমানে ১ হাজার ৭৭১ জন পুলিশ মোতায়েন রয়েছে, যা নির্বাচনের দিন বেড়ে হবে ২ হাজার ৯৬ জন। এর বাইরে র‍্যাব, বিজিবি এবং ডিবির সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। আমি আমার উপর অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করলাম।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার ও অন্যান্য যে কেউ যেন আইন হাতে তুলে না নেন। যদি অবাঞ্ছিত কেউ ঢুকে তাহলে তাকে যেন পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছোট ঘটনা হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেন অবহিত করা হয়। আগামীকাল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা রাখছি।

তিনি আরও জানান, ভুয়া আইডি কার্ড তৈরি ও সাইবার বুলিংয়ের বিষয়েও নজরদারি চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন