শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কারচুপি হলে কে গ্রহণ করবে? প্রশ্ন ছাত্রদলের জিএস প্রার্থীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন
expand
চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি সহ্য করা হবে না।

তিনি বলেন, যেভাবে স্বামী স্ত্রীকে পরকীয়া মানতে পারে না, নির্বাচনে কারচুপি সহ্য করবে কে? তবে আমরা নিশ্চয়ই নির্বাচন কারচুপিটা ঠেকাবো, ইনশাল্লাহ। আমরা মাঠে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রের বাইরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শাফায়াত হোসেন উল্লেখ করেন, ডাকসু ও জাকসু নির্বাচনের পর মিডিয়ায় কিছু ব্যালট পেপারের ইস্যু প্রকাশিত হয়েছে। তাই এবারও আশঙ্কা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, চবি প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না এবং ইতিহাস সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে এটা কতক্ষণ টিকিয়ে রাখা সম্ভব, তা প্রশ্ন। আমাদের ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে প্রথমে নিরাপত্তা জোরদার থাকে, পরবর্তীতে কমে যায়। এ বিষয়ে প্রশাসনকে আমরা বারবার সতর্ক করেছি। ভোটার উপস্থিতি নিয়েও চিন্তা আছে। শহরের অনেক শিক্ষার্থী আসবে কি না দ্বিধাদ্বন্দ্বে আছেন। প্রশাসন ৩৫ থেকে ৪০টি বাস দিয়েছে, যা পর্যাপ্ত নয়। তবে আমরা আশাবাদী, ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা ভোট দিতে আসবেন।”

শাফায়াত হোসেন বিজয় নিয়ে আশাবাদী। তিনি বলেন, চবি ছাত্রদল কখনো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে পিছপা হয়নি। ফ্যাসিবাদের আমলেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছি। তাই এবারও আমাদের সমর্থকরা আমাদের ছাড়বেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন