

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ৩৫ বছর পর এই ভোটগ্রহণকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে সরেজমিনে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। দিনভর প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় ব্যস্ত সময় কাটান।
এবারের চাকসু নির্বাচনে মোট ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। সব মিলিয়ে প্রার্থী সংখ্যা ৯০৮ জন, আর মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।
চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য সমাজবিজ্ঞান অনুষদ, পুরাতন কলা অনুষদ, নতুন কলা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ ও বিজ্ঞান অনুষদ এই পাঁচটি অনুষদ ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ৬০টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কক্ষে রয়েছে ৫টি ব্যালট বাক্স চারটি চাকসুর জন্য, একটি হল সংসদের জন্য। একটি কক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার তাদের ভোট প্রদান করতে পারবেন।
ভোটগ্রহণ শেষে হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে।
মন্তব্য করুন
