

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও এখন পর্যন্ত ফল ঘোষণা হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল স্থগিত রয়েছে। এ ছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট পিছিয়ে যায়, যা পরে অনুষ্ঠিত হয়েছে। ফলে বর্তমানে ২৯৮টি সাধারণ আসনের ভিত্তিতেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন হচ্ছে।
নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর থেকেই কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। আইন অনুযায়ী সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত আসন বণ্টন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটবদ্ধভাবে অংশ নিয়ে এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। তাদের শরিক গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি একটি করে আসনে জয় পায়। সব মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২।
বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকায় বিএনপি জোট অন্তত ৩৫টি সংরক্ষিত আসন পেতে পারে। বাকি তিনটি আসনের ফল চূড়ান্ত হলে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ নিয়ে মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে দলটি নিজে ৬৮টি,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। এই হিসাবে তারা সংরক্ষিত আসনে ১৩টি আসন পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে এককভাবে নির্বাচন করা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন সাতটি আসনে। তারা একত্রে জোট গঠন করলে সংরক্ষিত আসনে অন্তত একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এ বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের জোট ২২৩টি আসনে জয় পেয়েছিল। সে সময় দলটির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে অংশ নিয়ে ৬২টি আসনে জয় পান এবং পরে সংরক্ষিত আসনে আওয়ামী লীগকে সমর্থন দেন।
পরবর্তীতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। অন্যদিকে জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ আসনে ১১টি আসন পাওয়ায় সংরক্ষিত আসনে দুটি আসন পেয়েছিল।
মন্তব্য করুন
