

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক বৃত্তি অর্জনে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে তথ্যবহুল এক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষ-২২৭-এ ‘রেডি টু ফ্লাই উইথ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপস: আনলক গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউরোপীয় কমিশনের আওতাধীন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস কর্মসূচির এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান। আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্বাচনের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বৃত্তি অর্জনের জন্য শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়; নেতৃত্বের গুণাবলি, গবেষণায় সম্পৃক্ততা, সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং কার্যকর যোগাযোগ দক্ষতা একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই এসব দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে বলেন।
এছাড়া, সেমিনারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুতের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বিশেষ করে উদ্দেশ্যপত্র রচনা, ব্যক্তিগত অভিপ্রায়পত্র প্রণয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জীবনবৃত্তান্ত প্রস্তুত, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজস্ব যোগ্যতা সমৃদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাসসহ বিশ্বের বিভিন্ন দেশের পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে আইইউবিএটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইইউবিএটির বিভিন্ন কলেজ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বৃত্তির আবেদন প্রস্তুতি, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদেশে অধ্যয়নসংক্রান্ত নানা বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।
এ সময়, সেমিনারে উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসাইন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, আইইউবিএটি বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোজাফ্ফর এ. চৌধুরী, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, মিয়ান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা, আন্তর্জাতিক কার্যালয়ের পরিচালক মো. সাদেকুল ইসলাম, ব্র্যান্ডিং ও গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব এবং আইইউবিএটি র্যাংকিং ইউনিটের পরিচালক ড. হাসানুজ্জামান তুহার। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।