

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা বাধ্যতামূলক করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ শেড ও বসার চেয়ার স্থাপনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। অথচ অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য নির্ধারিত কোনো অপেক্ষমাণ শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
এ ছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণে অনেক কেন্দ্রে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সব পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের এ উদ্যোগের ফলে চলতি এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমবে এবং পরীক্ষাকেন্দ্রের বাইরে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

