

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর রামপুরা থানাধীন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম তলা থেকে পড়ে গুরুতর আহত শিক্ষার্থী অমিত ঘোষ (১৯) মারা গেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অমিত ঘোষ শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ইংরেজি ভার্সনের ‘আইসোটোপ’ সেকশনের ছাত্র তিনি।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের গ্রুপে শিক্ষকরা একটি বার্তা দিয়েছেন। তাতে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত ঘোষ আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে অমিত ঘোষ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছে। অমিতের অকাল প্রয়াণে সাউথ পয়েন্ট পরিবার গভীরভাবে শোকাহত।’
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন থেকে পড়ে যান অমিত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
কীভাবে বহুতল ভবন থেকে পড়ে যান অমিত - তা এখনো অষ্পষ্ট। তবে প্রাথমিকভাবে ধারণা, অমিত আত্মহত্যার উদ্দেশে ১০ম তলা থেকে লাফ দেন।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহারুল খান বাহার জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা পাওয়া যায়নি। আমরা একটি আত্মহত্যার নোটের কথা শুনেছি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবনের নয় বা দশ তালা থেকে পড়ে গুরুতর আহত হয় অমিত নামের শিক্ষার্থী। সে কীভাবে পড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা নেই । পরিবারের সদস্যরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেছেন, আহত শিক্ষার্থীকে ঢামেকে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্বজনরা অন্যত্র নিয়ে যায়।

